ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও টাইমস টুডের সিনিয়র রিপোর্টার এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি ও অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
আজ বুধবার (০১ জুলাই, ২০২৬) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জানা যায়, গত ২৮ জুন, ২০২৬ তারিখে দৈনিক ‘টাইমস টুডে’ পত্রিকায় "চাঞ্চল্যকর জালিয়াতি/অচল টিএমএস সচল বিটিআরসিতে" শিরোনামে বিটিআরসি’র টেলিকম মনিটরিং সিস্টেম (টিএমএস) নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের আগে বক্তব্য নেওয়ার জন্য বিটিআরসি’র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের পরিচালক মো. সোহেল রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ করেন।
পরবর্তীতে ২৯ জুন রাত আনুমানিক ৮টায় পরিচালক মো. সোহেল রানা হোয়াটসঅ্যাপে সংশ্লিষ্ট সাংবাদিককে ফোন করে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দাবি করেন এবং ৩০ জুনের মধ্যে বিটিআরসিতে গিয়ে তথ্য-প্রমাণ উপস্থাপন না করলে "দেখে নেওয়া হবে" বলে ভয়ভীতি প্রদর্শন করেন। একই সঙ্গে তিনি সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করারও হুমকি দেন। ফোনালাপে তাঁর উক্তি—‘আপনি কেমন সাংবাদিক আপনাকে দেখে নেওয়া হবে’ এবং ‘আমি কে, আপনি আমাকে চেনেন?’ যা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপপ্রয়াস।
ডিআরইউ নেতৃদ্বয় বলেন, সংবাদে কোনো তথ্যে আপত্তি থাকলে আইনি বা প্রশাসনিক প্রতিকারের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে; তা না করে একজন গণমাধ্যমকর্মীকে সরাসরি হুমকি প্রদান স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বিঘ্নিত করে।
ডিআরইউ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিটিআরসি কর্তৃপক্ষ এবং সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে জোর দাবি জানাচ্ছে। একই সাথে সংশ্লিষ্ট সাংবাদিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

