ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় ডিআরইউ প্রাঙ্গণে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিক জাকারিয়া কাজলের মৃত্যুতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। তারা মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি রফিক মোহাম্মদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ও ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন, ইআরএফ'র সভাপতি দৌলত আকতার মালা।
জানাজা শেষে ফুলেল শ্রদ্ধার মাধ্যমে তাকে শেষ বিদায় জানিয়ে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ।
এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), আল-আমিন আজাদ ও সুমন চৌধুরী উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ওমর ফারুক, ডিআরইউর সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
দেশের প্রবীণ এই সাংবাদিক গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
দীর্ঘদিন ধরে তিনি লিভার, কিডনি, হৃদরোগ এবং ডায়াবেটিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক জাকারিয়া কাজল ১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মনবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেন তিনি। কর্মজীবনে তিনি দৈনিক আজাদ, অবজারভার, ইনকিলাব, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, যমুনা টেলিভিশন ও বাংলা টিভির হেড অব নিউজ হিসেবে কাজ করেছেন।
এছাড়া, অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সভাপতি কাজল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বও পালন করেছেন ।
বার্তা প্রেরক-
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২

