ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আগামীর সময়-এর ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অ্যাফেয়ার্স এডিটর মাহবুব আলম লাবলুকে চাকরিচ্যুতির চাপ, মামলার হুমকি এবং বিভিন্নভাবে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) এক যৌথ বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, কোনো সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রকাশিত অনুসন্ধানী ও তথ্যভিত্তিক প্রতিবেদনের কারণে তাকে চাকরিচ্যুতির চাপ দেওয়া, মামলার ভয় দেখানো কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।
তারা বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে আপত্তি থাকলে তার আইনগত ও নীতিগত প্রতিকারের পথ রয়েছে। কিন্তু একজন সাংবাদিককে চাকরিচ্যুতির হুমকি, মামলার ভয়ভীতি প্রদর্শন কিংবা হয়রানির মাধ্যমে সংবাদ প্রকাশে নিরুৎসাহিত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ডিআরইউ নেতৃদ্বয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে সব ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বার্তা প্রেরক-
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২

